মিরসরাইয়ে স্বাধীন বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফ পাড়া এলাকার স্বপন আশ্চার্যের ছেলে শান্ত আশ্চার্য (২৩) ও কুমিল্লার রায়পুর  উপজেলার মো. ফয়সাল হোসেন (২২)। এসময় মো. মোস্তফা নামের এক যাত্রী  গুরুতর আহত হয়েছেন।

মিরসরাই ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে স্বাধীন বাংলা পরিবহণের একটি বাস ৪০ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শহর থেকে নোয়াখালী যাচ্ছিল। গাড়ির গতি বেশি থাকায় মিরসরাই উপজেলার বড় দারোগারহাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে। এতে বাসের ভেতর থাকা পাঁচ যাত্রী আটকে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মী ও টেরিয়াল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এ সময় দুই যাত্রী শান্ত আর্চায্য ও ফয়সাল নিহত। আহত হয় মোস্তফা নামে এক যাত্রী।এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বিপ্লব চন্দ্র নাহা বলেন, মিরসরাইয়ের বড় দারোগারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। বিভিন্ন যন্ত্র ব্যবহার করে নিহত দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়।