সাতক্ষীরার তালায় হরিশ্চন্দ্রকাঠি বিলে বিষ মিশিয়ে সরিষা বীজ বপন করেন আব্দুল বারী নামে এক ব্যক্তি। সেই বীজ খেয়ে মারা গেছে অন্তত ৮০টি কবুতর ও ঘুঘু। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক এ সব পাখি মারা যেতে দেখা যায়।
স্থানীয়রা জানান, গত ১৯ ডিসেম্বর তালা মহিলা কলেজের প্রদর্শক আব্দুল বারী হরিশ্চন্দ্রকাঠি বিলে সরিষা বীজ বপন করেন। পাখির আক্রমণ থেকে ফসল বাঁচাতে বপনের আগে এর সঙ্গে বিষ মেশান তিনি। পরদিন শনিবার তার ক্ষেতে শতাধিক ঘুঘু ও কবুতরকে বিচরণ করতে দেখা যায়। এরপর থেকেই একে একে পাখিগুলোর মৃত্যু হতে থাকে। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ৮০টি কবুতর ও একটি ঘুঘু পাখি।
এদিকে খবর পেয়ে রোববার (২১ ডিসেম্বর) খুলনা বন বিভাগের ওয়াইল্ডলাইফ অ্যান্ড বায়োডাইভারসিটি কনজারভেশন অফিসার তন্ময় আচার্য ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
হরিশ্চন্দ্রকাঠি গ্রামের বাসিন্দা জিন্নাত খা ও হায়দার আলী জানান, তাদের বেশ কয়েকটি কবুতর মারা গেছে। তারা বলেন, পাখি কি বুঝতে পারে বীজে বিষ মাখানো আছে? এ ঘটনায় তারা ক্ষতিপূরণ ও দায়ীদের বিচার দাবি করেন।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল বারী পলাতক রয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।










