ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটারের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এতে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন। নির্বাচনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
এ নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহাদাব আকবার লাবু চৌধুরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।
সালথা উপজেলা নির্বাচন অফিসার মো. তেলায়েত হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরাও।
উল্লেখ্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।