সামান্য বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাতেই নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ স্বল্প বৃষ্টিতেই প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় হাঁটুসমান পানি জমে যায়।
সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যায় প্রবর্তক মোড় এলাকায়। সড়কে পানি জমে থাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। পাশাপাশি পথচারীদের চলাচলেও চরম দুর্ভোগ তৈরি হয়। বিশেষ করে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের দুর্ভোগ ছিল বেশি।
প্রবর্তক এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়া পথচারী একরাম হোসেন বলেন, পানির কারণে হাঁটাই যাচ্ছে না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলমান উন্নয়ন কাজের কারণে সাময়িকভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। এ কারণে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না।
সংশ্লিষ্টরা বলছেন, সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা তৈরি হওয়ার ঝুঁকি তৈরী হয়েছে। দ্রুত সমন্বিত উদ্যোগে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল না করা গেলে নগরবাসীর ভোগান্তি আরো বাড়বে।










