দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে তিন গাড়ির সংঘর্ষে দুজনের প্রাণহানি হয়েছে। এছাড়া বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার ও বরগুনায় আরো চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ফরিদপুর: তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল সকাল ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই মারা যান। আহত অটোরিকশাচালক শাজাহান শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মজিবরসহ চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মজিবরকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ: ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে আল-আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মেহেদী হাসান মিলন নামে আরো একজন। গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বুলনপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন নওগাঁর মান্দা উপজেলার ফেটগ্রাম-পরানপুরের আসাদ আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত নসিমনের চালক ছিলেন। এছাড়া আহত ব্যক্তি একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেদি হাসান মিলন। সদর মডেল থানার ওসি মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার: টেকনাফে বাড়ি ফেরার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় আয়েশা সিদ্দিকা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে দৈংগ্যাকাটা ঢালায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। সে বাহারছড়া হোসাইনিয়া এমদাদুল উলুম নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মোজাহের আহমদ।

বরগুনা: তালতলীতে মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশাচাপায় মোসা. হাবিবা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা ১টার দিকে উপজেলার মোমেশে পাড়া আশরাফুল উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা একই এলাকার আব্দুস সালাম মুন্সীর মেয়ে। সে আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।