১২ ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে দেশটি।
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করেছে ফ্রান্স।
গতকাল ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। ফ্রান্স দূতাবাস সব নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছে এবং বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে। বার্তায় আরো বলা হয়, আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং তাদের সব স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানাই।
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। গতকাল এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় দূতাবাস উল্লেখ করেছে, আমরা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাই।
একই সঙ্গে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের প্রশংসা করেছে জার্মানি। বার্তায় বলা হয়, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণেরও প্রশংসা করি, যা গণতান্ত্রিক সম্পৃক্ততার একটি অর্থবহ বহিঃপ্রকাশ এবং নবনির্বাচিত সব সংসদ সদস্যকে আমাদের অভিনন্দন জানাই।
তারেক রহমানকে বিজয়ের অভিনন্দন বিমসটেক মহাসচিবের: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে গতকাল তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। মহাসচিব এক অভিনন্দন বার্তায় তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং বিএনপির নিশ্চিত বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য প্রশংসা করেন।









