তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার বাংলাদেশে প্রত্যাবর্তন সহজতর করতে সরকার সক্রিয়ভাবে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করছে।’
গতকাল দুপুরে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পারেন, এজন্য শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।’
তিনি বলেন, ‘সরকার এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ল ফার্মকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে।’
এ সময় আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি ঘিরে তৎপরতা চালানোর মুরোদ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেই। তিনি বলেন, ‘দলটি একদিকে নিষিদ্ধ ঘোষিত (কার্যক্রম নিষিদ্ধ), আবার মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিতে পারে। এর বেশি কিছু দেখা যায় না।’
সম্প্রতি মেট্রোস্টেশনে ‘বোমাসদৃশ বস্তু’ পাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি বলেন, ‘এখানে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনো সম্প্রদায় বা গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল। এর পেছনে কারা আছে, সেটি খুঁজতে তদন্ত চলছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অতীতের তুলনায় উগ্রবাদী তৎপরতা বর্তমানে অনেক কম। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।’









