পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো মনোহরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (১৩) ও জিয়াউর রহমানের ছেলে জেহাদ হোসেন (১৩)।

স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন দুই শিশুর মৃত্যু নিশ্চিত করে বলেন, এদিন দুপুরে জুয়েল ও জেহাদ খালের পাড় থেকে পানির মধ্যে লাফ দিয়ে খেলা করছিল। হঠাৎ স্রোতের মধ্যে পড়ে যায় একজন। আরেকজন তাকে উদ্ধারের চেষ্টা করতে গেলে দুজনই পানিতে ডুবে যায়।

খালের ওপরে থাকা অন্যরা চিত্কার শুরু করলে স্থানীয় অর্ধশতাধিক মানুষ খালের কমপক্ষে ১০ ফুট গভীর পানির নিচে তল্লাশি করে। ২ ঘণ্টা পর খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।