পিরোজপুর সদর ও ভান্ডারিয়া উপজেলায় তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় এটাই প্রথম করোনার সংক্রমণ পাওয়া গেল।

এর আগে সোমবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে নারায়ণগঞ্জ ফেরত একজন কভিড- ১৯ এ আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে নারায়ণগঞ্জ ফেরত দুজন ও ভান্ডারিয়া উপজেলা সদরের জামিরতলা এলাকায় নারায়ণগঞ্জ ফেরত একজন কভিড- ১৯ এ শনাক্ত হয়েছে। 

এরপর তিনি বলেন, আক্রান্ত তিনজনই হোম কোয়ারেন্টিনে ছিল। গত ১২ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ এপ্রিল রাতে ওই রোগীদের রিপোর্ট পাওয়ার পর জানা গেছে তারা কভিড-১৯ এ আক্রান্ত।

ভান্ডারিয়ার টি এইচ এ জহিরুল ইসলাম জানান, ভান্ডারিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের জামিরতলা এলাকা লকডাউন করা হয়েছে।