দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে পটুয়াখালী, চট্টগ্রাম, মাগুরা ও বগুড়ায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
পটুয়াখালী: বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে গলাচিপা-পটুয়াখালী সড়কের ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।
নিহতরা হলেন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামের বারেক মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (৫০) ও একই ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের জলিল মিস্ত্রির ছেলে মোটরসাইকেলচালক শামীম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার মারা যান। স্থানীয়রা মোটরসাইকেলচালক শামীমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মেঘনা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।’
চট্টগ্রাম: পটিয়ায় মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পটিয়া ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেল্লাপাড়া এলাকায় রাস্তার পাশে থাকা এক বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় পথচারী ওই নারী মিনিবাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
পটিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মাগুরা: জেলার রামনগর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক হেলপার নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু মিয়া (৩৫) শালিখা উপজেলার ছান্দড়া গ্রামের জলিল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, ভোরে সীমাখালী থেকে মাগুরার দিকে আসা একটি ট্রাক রামনগর হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার মনু মিয়া গুরুতর আহত হন। পরে রামনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামনগর হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।
বগুড়া: কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে গাড়িচাপায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত খন্দকার (২২) উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন। শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনদিনের ছুটি নিয়ে বুধবার রাতে বাড়ির উদ্দেশে রওনা হন রিফাত। পথে ছোনকা এলাকার একটি হাইওয়ে রেস্তোরাঁর পাশে নামেন তিনি। এরপর ঢাকা থেকে বগুড়াগামী লেন পার হয়ে বগুড়া থেকে ঢাকাগামী লেনে ওঠার চেষ্টা করেন। ওই সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










