ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাতুল ইসলাম সিফাতের (২২) খোঁজ পাচ্ছে না পরিবার। ১৩ দিন ধরে সিফাতের সঙ্গে যোগাযোগ না হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা।

গত ৪ আগস্ট আন্দোলনে গিয়ে নিখোঁজ হন সিফাত।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব গর্জনতলী গ্রামে সিফাতের বাড়ি। তার পিতার নাম ছদরুল ইসলাম। সিফাতের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার বাবা-মা ও পরিবারের অন্যান্য লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সিফাতের বড়ভাই সাইফুল ইসলাম বলেন, ঢাকাসহ সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। ৪ আগস্ট বেলা ১১টায় সিফাত ফোন দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে অংশ নেয়ার কথা বলেন। আন্দোলনের সময় পুলিশের টিয়ারশেলে অসুস্থ হওয়া ও আহত হওয়ার কথা জানান। এ সময় কিছু টাকা পাঠাতে বললে ওই দিন তাকে টাকা পাঠানোর জন্য ফোন করি। এর পর থেকেই তার ফোন বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, সিফাত ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়। সাভারে বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা কেউই ৪ আগস্টের পর সিফাতকে দেখেনি বলে জানিয়েছেন। আমার বাবা সিফাতের খোঁজ নিতে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। আমার মা ছেলের সন্ধান না পেয়ে শোকে পাগলপ্রায়।