দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের দুদিন আগে রাজশাহীর বাগমারা ও বাঘা উপজেলার দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে এসব কেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছে ভোটকেন্দ্রের ভেতরে থাকা আসবাবপত্র।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বণিক বার্তা প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও জেলা পুলিশের মুখপাত্র মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মধ্যরাতের কোনো একসময় বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় বাঘার বিদ্যালয়টিতে ১৫টি চেয়ার, টেবিল ও আলমারিসহ ঘরের অন্যান্য আসবাবপত্র পুড়েছে। অপরদিকে, বাগমারার বিদ্যালয়ে বেশকিছু বইপুস্তক ও আসবাবপত্র পুড়েছে। তবে বাগমারার ওই স্কুলের পেছন থেকে দুটি ককটেলও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে বাঘা উপজেলার আড়ানীর জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে আগুন লাগার খবরটি পায়। অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে আগুন দেয়। কারণ সেখানে পেট্রোল পড়ে থাকতে দেখা গেছে। এ থেকেই সন্দেহ, দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে অফিস কক্ষের পেছন থেকে। এ বিষয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করা হবে বলেও জানান প্রধান শিক্ষক মুরাদ আলী।
আইনি প্রক্রিয়ার ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে। আবার অনেকেই জনগণের মনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তাই গোপনে এমন অপরাধমূলক অপ্রীতিকর ঘটনা ঘটছে। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। তদন্ত চলছে। দুর্বৃত্তদের খুঁজে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টাও চলমান বলে জানান পুলিশের এ কর্মকর্তা।










