বরগুনার বেতাগীতে গাছের ডালের চাপায় আশ্রাব আলী (৬১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কিসমত ছোট মোকামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশ্রাব আলী হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের বটতলা এলাকার কিসমত করুণা গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে। তিনি কাঠমিস্ত্রীর কাজ করতেন। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আশ্রাব আলী পান বরজে কাজ করতে বাড়ি থেকে রওনা হন। পথে হঠাৎ ঝড়ো বাতাসে চাম্বল গাছের ডাল ভেঙে আশ্রাব আলীর ওপরে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পিঞ্জর কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

আশ্রাব আলীর বড় ছেলে আফজাল হাওলাদার বলেন, ‘সকালে বাবা ঝড়ের ভেতরেই পানের বরজে কাজ করতে বের হয়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে গাছের ডাল ভেঙে পড়ে তার মাথায় আঘাত লাগে। আমি খবর শুনে হাসপাতালে যাই।’

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হক বলেন, গাছ পড়ে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।