ফরিদপুরে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় আজ রোববার থেকে শুরু করে ৭৭ হাজার ৭৫০ জনকে এ সেবার আওতায় আনা হবে।

আজ সদর উপজেলার কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে এক কোটি মানুষকে ন্যায্যমূল্যে পণ্য দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে ফরিদপুরে আজ থেকে এ কর্মসূচি শুরু হলো। দুই ধাপে ৭৭ হাজার ৭৫০ জনকে এ সুবিধা দেয়া হবে।

দুই ধাপে টিসিবির পণ্য বিতরণ করা হবে রোজার আগে ও রোজা চলাকালীন। আগামী ৩০ মার্চ প্রথম দফা শেষ হবে। দ্বিতীয় দফা শুরু হবে ১৫ রোজায়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে এ সেবা পৌঁছে দেয়া হবে।

ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আসলাম মোল্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কোতয়ালী থানার কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ।