বাংলাদেশের জলসীমা থেকে দুটি বিদেশী ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।

গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে অপারেশন নির্মূলে নিয়োজিত নৌবাহিনীর জাহাজ শহীদ আখতার উদ্দিন নিয়মিত টহল চলাকালে বঙ্গোপসাগরের গভীরে বিদেশী পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করে।

বুধবার (১৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আখতার উদ্দিন ‘অপারেশন নির্মূল’ এর আওতায় গত ১৪ অক্টোবর থেকে বঙ্গোপসাগরে নিয়োজিত রয়েছে। নিয়মিত প্যাট্রোলিং চলাকালে জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি লক্ষ্য করা যায়। ট্রলার দুটির তথ্য বিশ্লেষণ করে বিদেশী পতাকাবাহী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়। এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর জাহাজ শহীদ আখতার উদ্দিন ধাওয়া করে ফিশিং ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার ভেতরেই আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল। তাদের সবাই বিদেশী নাগরিক। পরবর্তীতে আটককৃত ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয় এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।