বগুড়ার সোনাতলা উপজেলায় পৃথক সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সকাল ও দুপুরে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

সোনাতলা থানা পুলিশ জানায়, উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বাদশার ছেলে সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র পারভেজ ইসলাম সুমন ও মোজাহার আলী প্রামাণিকের ছেলে মাসুদ রানা একসঙ্গে সেলফোনের সিমকার্ড বিক্রির ব্যবসা করতেন। তাদের মধ্যে সিম বিক্রির টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে গতকাল বেলা ২টায় হাটকরমজা বাজারে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে ধারালো অস্ত্রের আঘাতে সুমন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

এদিকে সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গতকাল সকাল ১০টায় প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি ওই গ্রামের মৃত জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার ওই গ্রামের মৃত আছমত মোল্লার ছেলে আব্দুল খালেক মোল্লার লাউগাছ ছাগল খেয়ে ফেলে। এতে খালেক মোল্লার লোকজন শফিকুল ইসলামকে গালাগালি করেন। এ ঘটনার জেরে গতকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শফিকুল ইসলাম মারা যান।  

সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।