ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাঁদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। শেষ সময়ে মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। গতকাল ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার ৮০০-৩০০০ টাকা।
আড়তদাররা বলছেন, ইলিশের দাম এখন সর্বোচ্চ। কারণ সামনে ২২ দিনের নিষেধাজ্ঞা। সরবরাহের চেয়ে খুচরা ক্রেতার সংখ্যা কয়েকগুণ বেশি। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খুচরা বিক্রেতার লাইন লেগে থাকে।
ব্যবসায়ীরা জানান, ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি খুচরা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকা। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০-২০০০ টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০-১ হাজার ৫০০ টাকায়। আর ছোট অর্থাৎ ২৫০-৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।
হাজীগঞ্জ উপজেলা থেকে ইলিশ কিনতে এসেছেন সোহরাব, মামুন ও ইশতিয়াক। তারা বলেন, ‘বরফ দেয়া ইলিশের দামও রেকর্ড ছাড়িয়েছে। ১ কেজি ওজনের ইলিশের খুচরা দাম ৩ হাজার টাকা। এক সপ্তাহ আগেও এ ইলিশ বিক্রি হয়েছে ২০০০-২ হাজার ২০০ টাকা। জাটকা প্রতি কেজি ৮০০-১০০০ টাকা বিক্রি হচ্ছে।’
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য এ সময়ে মিঠাপানিতে আসে। এ কারণে সরকার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে।’









