ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সাত দিনের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন। আজ বুধবার বণিক বার্তাকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স রাখার নির্ধারিত জায়গা চায় মালিক সমিতি। আগে নিজেদের উদ্যোগে নর্দমা পরিষ্কার করে ইটের সলিং করে একটি জায়গায় অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা হয়েছিল। পরে সেখান থেকেও সরিয়ে দেয়া হয়। এরপর হাসপাতালের বেজমেন্টে জায়গা দেয়া হলে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়, যাতে চালকদের অনিয়ম নিয়ন্ত্রণ করা যায়।

তিনি আরো বলেন, ‘আমরা রোগীদের কষ্ট দিতে চাই না। একসঙ্গে অনেক রোগী হাসপাতালে এলে তাদের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়। অ্যাম্বুলেন্স এক কিলোমিটার দূরে থাকলে সেই সেবা দেয়া সম্ভব নয়। এ কারণে হাসপাতালের নির্ধারিত জায়গায় অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা চাই।’

এর আগে গতকাল মঙ্গলবার শুরু হওয়া এ ধর্মঘট আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগ, কলেজ গেট ও নতুন ভবনসহ আশপাশের এলাকায় অ্যাম্বুলেন্স থাকলেও অনেক চালক রোগী পরিবহন করেননি। এতে চার-পাঁচ ঘণ্টা থেকে শুরু করে সাত-আট ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স পাননি অনেকে। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা রোগী ও স্বজন হারানো পরিবারগুলোকে চরম দুর্ভোগে পড়তে হয়।