ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকার মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাশে ঈশ্বরবা এলাকার জামতলা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা এ তথ্য নিশ্চিত করে জানান, স্কুলশিক্ষকের মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










