বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা। তিনি বলেন, নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করে ভবিষ্যৎ শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এডিসন প্রাইম ভবনে ‘রোড টু মেড ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তা সত্ত্বেও কেন আমরা উদ্বৃত্ত তৈরি করতে পারছি না? সম্পদের পর্যাপ্ততা বিবেচনা না করে যদি আমরা অতিরিক্ত ব্যয় করি, তাহলে তো উদ্বৃত্ত আসবে না। তিনি আরো বলেন, দেশের গার্মেন্টস খাত ছাড়া অন্য কোনো খাত শুধু পলিসি সাপোর্ট নিয়ে বেশি দূর যেতে পারেনি। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার আগে এ দেশে বিভিন্ন দেশের শিল্প কারখানা ছিল। কিন্তু স্বাধীনতার পর সেই সুযোগ কাজে লাগানো যায়নি। ফলে শিল্পের পুরোনো বৈশিষ্ট্যও হারিয়ে গেছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. এমদাদ উল্লাহ মিয়ান, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তাসকিন আহমেদ।

দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশী-বিদেশী উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এই মেলায় সহযোগিতা করে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অ্যাগ্রো মেশিনারি ফেয়ারের বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।