দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল ও আগের দিন রাতে দিনাজপুর, বরিশাল, চাঁদপুর, রাজধানীর মতিঝিল ও শরীয়তপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

দিনাজপুর: পার্বতীপুরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ভিকারুন্নেসা (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশপুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভিকারুন্নেসা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কনিয়াটিকর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে আখতারুজ্জামানের সঙ্গে নিজ বাড়ি গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে সৈয়দপুর যাচ্ছিলেন ভিকারুন্নেসা। পথে পার্বতীপুর উপজেলার মহেশপুর গোলচত্বর পৌঁছালে ভিকারুন্নেসা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপার এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনয় দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. কবির হাওলাদার মোটরসাইকেলে বরিশাল থেকে আসছিলেন। এ সময় পয়সারহাট থেকে আসা একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চাঁদপুর: ট্রাকের ধাক্কায় করিম সরকার (৫৬) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীসহ আরো তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুরে চাঁদপুর-মতলব সড়কের কালিভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম সরকার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ উপাদী ইউনিয়নের দীঘলদী গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা: রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইদুল আলম ওরফে সিফাত (২১) মা-বাবার সঙ্গে ওয়ারীর ১৭/বি র‍্যাংকিন স্ট্রিটে থাকতেন। তার বাবা মাসুদ আলম পেশায় ব্যবসায়ী।

মাসুদ আলম বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে দৈনিক বাংলা মোড়ের হাসান হোটেলের সামনে রিকশার সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে আহত হয় সিফাত। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।’

শরীয়তপুর: জেলার জাজিরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মোল্লা বাড়ি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান মাদবর (১৬) বিলাসপুর ইউনিয়নের মেহের আলী মাদবরকান্দি গ্রামের রাজ্জাক মাদবরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন জিসানের বন্ধু শিমুল সিকদার (১৬)। তিনি ওই ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের আমজাদ সিকদারের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।