প্রকৃত ইজিবাইক চালকদের অনুমোদনসহ বিআরটিএ থেকে লাইসেন্স প্রদান, বৈষম্য-হয়রানির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গতকাল বেলা ১১টার দিকে মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন চালকরা। জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে।
সংগ্রাম পরিষদের প্রধান সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মণীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের নেতা আইউব আলী, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বরিশালে সিটি করপোরেশনের ইজিবাইকের অনুমোদনের আগে অনুষ্ঠিত বাছাই প্রক্রিয়ায় সংগ্রাম পরিষদের প্রায় তিন হাজার প্রকৃত চালককে ডাকা হয়নি। এ প্রক্রিয়ায় পক্ষপাত ও স্বজনপ্রীতির চর্চা হচ্ছে বলে শ্রমিকদের মধ্যে ধারণা তৈরি হয়েছে।
সিটি করপোরেশনের প্রদান করা নম্বর প্লেটের ভিত্তিতে ইজিবাইক শ্রমিকদের মধ্যে বিভেদ ও সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। তাই অবিলম্বে বৈষম্য-হয়রানি বন্ধসহ প্রকৃত চালকদের অনুমোদনসহ বিআরটিএ থেকে লাইসেন্স দিতে হবে।










