সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় লাইসেন্সকৃত একটি বন্দুক জব্দ ও গুলিবর্ষণকারী যুবক আরিফকে আটক করেছে পুলিশ। আটক আরিফ হোসেন একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
গুলিবিদ্ধরা হলেন বাঐতারা গ্রামের শফিকুল, শাহাদৎ, ইমদাদুল, ফরিদুল, রাব্বী, রাফি, আব্দুল বাসেত, মিলন, তোতা মিয়া, জাহিদ, আব্দুল ওহাব, নাইস, আব্দুল বারেক, শাহীন, ওমর, শফিকুল হযরত ও সেলিম। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার
সকালে জেলা
শহরে একটি জমির কাগজ উত্তোলনকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের হযরত আলীর ছেলে দলিল লেখক আলম হোসেনকে একই গ্রামের হেকমতের ছেলে রুবেল হোসেন মারধর করে। ওই ঘটনার জের ধরে গতকাল সকালে গ্রামে দুই পক্ষের মধ্যে
সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটেকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে রুবেল গ্রুপের পক্ষে আরিফ তার লাইসেন্স করা বন্দুক নিয়ে গুলিবর্ষণ শুরু করলে ১৯
জন বিদ্ধ হয়। সংঘর্ষে
আরো ১০-১২ জন আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। গুলিবর্ষণকারী যুবককে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং তার লাইসেন্সকৃত বন্দুক জব্দ করা হয়েছে।










