ছায়ানট ভবনে গত শুক্রবার গভীর রাতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। আজ রোববার ধানমন্ডি থানায় মামলাটি করা হয়েছে। খবর বিবিসি বাংলা।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, মামলায় তিন শতাধিক অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে কোনো ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১টার দিকে ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনে ব্যাপক ভাঙচুর করে আগুন দেয়া হয়। এ ঘটনায় ভবনটিতে পরিচালিত 'ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের' ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
এদিকে ঘটনার পরে ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবন পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সিসি ফুটেজ দেখে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।










