বান্দরবানের আলীকদম থেকে পল্লী উন্নয়ন বোর্ডের ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ২২ লাখ টাকা নিয়ে উধাও অফিস সহায়ক উসাইসুই মারমাকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে রাঙ্গামাটির একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, উসাইসুই মারমা গত রোববার সোনালী ব্যাংক আলীকদম শাখা থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের পর পালিয়ে যান।

রাঙ্গামাটি সদর থানার পুলিশ জানায়, গত রোববার আলীকদম থানা থেকে রাঙ্গামাটি পুলিশের কাছে সরকারি টাকা নিয়ে উধাও হওয়া ব্যক্তির ব্যাপারে অবহিত করা হয়। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫ লাখ ৩৪ হাজার ও মোবাইল ব্যাংকিংয়ে ৪ লাখ ৯৯ হাজার ৮২১ টাকা পাওয়া যায়। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আলীকদম উপজেলার ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের সমন্বয়ক ফেরদৌসী আক্তার জানান, গত রোববার প্রকল্পের উপকারভোগীদের ঋণ দেয়ার জন্য ২২ লাখ ৪০ হাজার টাকা তুলতে মাঠকর্মী সাইদুল হাছান ও অফিস সহায়ক উসাইসুই মারমাকে ব্যাংকে পাঠানো হয়। কিন্তু সাইদুল হাছান ব্যাংক পর্যন্ত না গিয়ে অন্য একটি কাজে সদরের হিন্দু পাড়ায় থেকে যান। এ সুযোগে টাকা তোলার পর উসাইসুই মারমা পালিয়ে যান। এ ঘটনায় দুজনকে আসামি করে আলীকদম থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমদ।