পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ড. এসএল থাউসেন। গতকাল দুপুরে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন। পরে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় শেষে বিএসএফ মহাপরিচালক বলেন, ‘সীমান্তে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। ভারত-বাংলাদেশের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে।’ এ সময় দুই দেশের সীমান্তে হত্যা, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ পারাপারসহ বেশকিছু বিষয়ে বিএসএফ প্রধানের সঙ্গে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথাবার্তা হয়।

এর আগে বিএসএফের মহাপরিচালক ড. এসএল থাউসেন ভারতের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাংলাবান্ধায় প্রবেশ করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। বিজিবির পক্ষ থেকে বিএসএফের মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে ফল, মিষ্টি ও ক্রেস্ট বিনিময় হয়।

এ সময় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অজয় সিং, বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান, সহকারী পরিচালক হাচানুর রহমানসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।