ফরিদপুরের নগরকান্দা পৌরসভার জুঙ্গরদি এলাকায় কুমার নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে গেছে। ভোর সাড়ে ৬টার দিকে বালিবোঝাই একটি ট্রাক সেতুতে উঠলে ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ফরিদপুর জেলা শহরের সঙ্গে নগরকান্দা উপজেলার সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালিবোঝাই একটি ট্রাক মাগুরা থেকে গোপালগঞ্জের মোকসেদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বেইলি সেতুতে উঠলে সেতুটির মাঝখানের অংশ দেবে যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তত্পরতা চালায়।

পুরাতন এ সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় আছে। এতে স্থানীয়রা আতঙ্ক ও ঝুঁকি নিয়ে সেতু পার হতো। বার বার সেখানে একটি নতুন সেতুর দাবি জানালেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বিপ্লব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।