সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে এখনো আন্দোলন চলছে। গতকাল দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করা আটজন নির্বাচন কমিশনারের প্রতি তারা নিন্দা জানিয়েছেন।

এর আগে গত সোমবার হাইকোর্ট চার সপ্তাহের জন্য স্থগিত করে নির্বাচন। নির্বাচন স্থগিত হওয়ায় দিনব্যাপী আন্দোলনের পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ রেজিস্ট্রারদের অবরুদ্ধ করে রাখা হয়। দিনব্যাপী চলা অবস্থান কর্মসূচি শেষে গতকাল সন্ধ্যা ৭টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে হলের দিকে যান। সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের মিছিল চলে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা শাকসু নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিম প্রশাসনিক ভবনে তার কার্যালয়ে যাওয়ার সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা দালাল দালাল স্লোগান দেন। এ রকম একটি ভিডিও শাকসু নির্বাচনের কমিশন থেকে পদত্যাগ করা বিএনপির আট নির্বাচন কমিশনারের মধ্যে মোহাম্মদ মনজুরুল হায়দার তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে লেখেন ‘সকল বেয়াদবির বিচার একদিন হতে হবে’। নির্বাচনের আগের দিন অর্থাৎ সোমবার তিনিসহ বিএনপিপন্থী আট নির্বাচন কমিশনার পদত্যাগ করেন।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে একটা রায় দিলে তখন একটা ফাইনাল জায়গায় আমরা যেতে পারি। এখন একটা ঝুলন্ত অবস্থায় আছে। নির্বাচনের পক্ষে রায় এলে নির্বাচন হবে আর না এলে চার সপ্তাহ পরে হবে। আমাদের প্রস্তুতিতে কোনো সমস্যা নেই। যেকোনো সময় আমরা নির্বাচন দিতে পারব। এখন শুধু রায়ের জন্য অপেক্ষা।’

এদিকে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। সিলেটের এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, মদনমোহন কলেজ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।