গণ-অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, গত কয়েক দিনের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।

গতকাল বরিশাল প্রেস ক্লাবে গণ-অধিকার পরিষদের কর্মী সমাবেশ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর আরো বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বলে তখন জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে আমরা জানতে পেরেছি ছাত্র নেতারাই সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে সেনা সদরে গিয়েছিল। ছাত্রদের সেনাপ্রধান ডাকেননি।

নূর আরো বলেন, এ গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না।

এরপর তিনি কর্মী সমাবেশে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন গণ-অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি শামিম রেজা ও সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার প্রমুখ।