জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৮ এপ্রিল শুরু হতে যাওয়া এসব কর্মসূচির মধ্যে সারা দেশে গণমিছিল, সভা-সমাবেশ, সেমিনার, লিফলেট বিতরণ প্রভৃতি রয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এক বৈঠকে এসব কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা বেদনার সঙ্গে দেখতে পাচ্ছি, গণভোটের গণরায় কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার বাস্তবায়ন করছে না, বরং তার থেকে সোজা ইউটার্ন করে নানা অজুহাত তুলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে।
এ সময় মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দেশের প্রতিটি বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা সদরে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে। এ কর্মসূচির পর বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল করবেন তারা। পরদিন থেকে ২ মে পর্যন্ত ১২টি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরগুলোয় সমাবেশ, সেমিনার ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।










