মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ১ হাজার ২৫০ টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর চ্যানেল-সংলগ্ন হারবারিয়ার সুন্দরীর কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। জাহাজে থাকা নাবিক ও শ্রমিকদের অন্য একটি জাহাজে করে মোংলায় নেয়া হয়েছে।
মোংলা বন্দর সূত্রে জানা গেছে, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে ঢাকার বাদামতলীর উদ্দেশে রওনা হয়েছিল ‘এমভি ফুলবাড়ী’। পথে পশুর চ্যানেলের সুন্দরীর কোঠা এলাকায় ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী বাংকারের সঙ্গে জাহাজটির ধাক্কা লাগে। এতে ফুলবাড়ীর ডেক ফেটে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে ডুবে যায়।
অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের লস্কর মো. নয়ন শেখের দাবি, নোঙরের সমস্যার কারণে তাদের বাংকারটি সরে মূল চ্যানেলে চলে আসে। সামনে এসে আলো দিয়ে সংকেত দেয়ার চেষ্টা করলেও সংঘর্ষ এড়ানো যায়নি। ধাক্কায় তিনি ছিটকে ফুলবাড়ীতে গিয়ে পড়েন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়নি। তবে জাহাজটি মূল বন্দর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, ‘জাহাজটি দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালিক পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।’










