লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহিদুল ইসলাম (২২)।

বিজিবি জানায়, শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার ও সাবপিলার ৫ নম্বরের পাশ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশী গরু পারাপারকারীদের সাত-আটজনের একটি দল ভারত থেকে গরু আনতে যায়। এ সময় বিএসএফের কৌশিক ক্যাম্প ও রতনপুর ক্যাম্পের মাঝামাঝি সীমান্তে পৌঁছলে ভারতের ১৪০ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের জাহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। বিএসএফের ছোড়া গুলিতে ভারতীয় একজন ও বাংলাদেশী আরো একজন গরু পারাপারকারী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত বাংলাদেশীর মরদেহ ভারতীয় সীমান্ত অংশে দুপুর পর্যন্ত পড়ে থাকে। বেলা ১টায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

শমসেরনগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেলা ২টায় ঘটনাস্থলের পার্শ্ববর্তী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।