আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দলীয় মনোনয়ন নিশ্চিতের পর গতকাল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় নিজের এমন আশাবাদের কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দলের সভাপতি জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী হিসেবে আবারো মনোনীত করেছেন। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে নির্বাচনে জয়ী হয়ে সিলেট তথা দেশবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি।’ আসন্ন জাতীয় নির্বাচনে সবক’টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।