রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) একটি ভবনের ভেতর এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।

শনিবার (২৭ জুলাই) এ খবর পাওয়ার পর দুপুরে মরদেহটি উদ্ধারের কাজ শুরু হয়।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ডোম ও অ্যাম্বুলেন্স এলে উদ্ধার করা হবে।  

এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, পচে যাওয়া মরদেহটি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার আবুল কাশেম বাবুলের (৫৫)। বাবুল এক সময় কেপিএমের শ্রমিক ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আবুল কাশেম বাবুল নামের ওই ব্যক্তি গত তিনদিন যাবত নিখোঁজ ছিলেন। পরে তার পরিবার অনেক খোঁজাখুজি করে না পেয়ে শুক্রবার কাপ্তাই থানায় গিয়ে অবগত করে। শনিবার ওই ব্যক্তির মরদেহ কেপিএম এলাকার কারখানার ভেতর পড়ে থাকার খবর পাওয়া যায়।

এদিকে কেপিএম সূত্র জানিয়েছে, আবুল কাশেম বাবুল আগে কেপিএমে কোম্পানি মাস্টার রোলে মেশিন হাউসে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ২৬ অক্টোবর তাকে চুরির অভিযোগে চাকরিচ্যুত করে কেপিএম।