জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ লিগ্যাসি’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দিনব্যাপী কনফারেন্সটি শুরু হবে আগামীকাল। এ কনফারেন্সে বঙ্গবন্ধুর ওপর ১০২টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে অংশ নেবেন বাংলাদেশ, ভারত, কানাডা, জার্মানি ও সুইডেনের খ্যাতিমান গবেষকরা।

গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কনফারেন্সের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল এ তথ্য জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করা হয়। কিন্তু গবেষণামূলক অনুষ্ঠান করা হয় না। আমরা গবেষণামূলক অনুষ্ঠানটি করছি যেন তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ওপর গবেষণায় আগ্রহী হয়। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু, জাবির বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা উপস্থিত ছিলেন।

জহির রায়হান অডিটরিয়ামে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান এমপি। কনফারেন্সের বিভিন্ন পর্যায়ে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার, আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার দাস, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. শুভ বসু, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ইশা দুবেসহ আন্তর্জাতিক পর্যায়ের গবেষকরা উপস্থিত থাকবেন।