বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জমে থাকা হাঁটুপানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল বেলা ১১টায় কলেজের জীবনানন্দ দাশ মুক্তমঞ্চের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএম কলেজ শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএম কলেজ শাখার সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।
বক্তারা বলেন, বিএম কলেজে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যা অসহনীয় অবস্থায় পৌঁছেছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় জলাবদ্ধতায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের। একটি বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটুসমান পানি পেরিয়ে যেতে হয়। দুদিন আগে টানা বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে দুদিন পরে হাঁটুপানি পার হতে হচ্ছে। এতে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত-ছড়াচ্ছে ভয়ংকর ডেঙ্গু। এ অবস্থায় অবিলম্বে জলাবদ্ধতা নিরসন করতে হবে।










