প্রতিবিপ্লব ঠেকাতে ‘রেজিস্ট্যান্স উইক’-এর অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদ। এতে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় ১৫ আগস্ট শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান সমন্বয়করা। গতকাল নগরীর তালাইমারি মোড়ে বিকাল ৪টায় এ কর্মসূচি করেন তারা। এ সময় শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি জানান সমন্বয়করা।

এদিকে ছাত্র-জনতার আন্দোলনে রাজশাহীতে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ এ দেশে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে তা জনগণ বুঝে গেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশের মাটিতে বসে থেকেও বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। আমরা সবাই সতর্ক থেকে নৈরাজ্যকে রুখে দেব।’