মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল ও খাসমহল গ্রামের মাঝামাঝি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরো ৮ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিজিবি।

পরে রংমহল বিওপি ক্যাম্পের টহল দল তাদের আটক করে গাংনী থানায় হস্তান্তর করেছে।

সীমান্ত পার হয়ে আসা ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ জেলার ধনু মিয়ার ছেলে টিটু শেখ (৪৫), একই এলাকার এজাজ মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৫৫), খুলনার দৌলতপুর উপজেলার আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম (২৮), নড়াইল জেলার জাব্বার শেখের মেয়ে সাবেজান খাতুন (৪০), জামালপুর জেলার মোজাম্মেল হোসেনের মেয়ে ফাইমা খাতুন (২৭) ও নাছিমা আক্তার (৩৬), একই জেলার শিশু রহিম মিয়া (৫) ও রোহান শেখ (৩)।

৪৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংমহল ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার বলেন, আটকদের সবাই নিজেদের বাংলাদেশী বলে দাবি করছেন। তবে তাদের কারো কাছেই জাতীয় পরিচয়পত্র নেই। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা প্রকৃতপক্ষে বাংলাদেশী কি না।