সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে রাজধানীতে ৮ ও ৯ মে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে দেশী-বিদেশী শতাধিক সাংবাদিক অংশ নেবেন।
রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে গণমাধ্যমের যথাযথ ভূমিকা তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন।
সম্মেলনে অনুসন্ধানী সাংবাদিকতা, ডিজিটাল সংবাদকক্ষের রূপান্তর, তথ্য অধিকার ও সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আয়োজনে পাঁচ শতাধিক সাংবাদিক অংশ নেবেন এবং ১২টির বেশি সেশনে দেশী-বিদেশী প্রায় ২০ জন আলোচক বক্তব্য দেবেন।
এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালসহ ১০টির বেশি দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।
হাসিবুর রহমান জানান, এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে প্রতি দুই বছর পরপর এ ধরনের আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়ার সুযোগ বাংলাদেশের সাংবাদিকদের জন্য সীমিত। এ আয়োজনের মাধ্যমে সংযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানো হবে।
১৭ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে www.bdjc.mrdibd.org ওয়েবসাইটে নিবন্ধন শুরু হবে। দেশী-বিদেশী গণমাধ্যমকর্মীদের পাশাপাশি শিক্ষক, গবেষক, তথ্য যাচাইকারী, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও আবেদন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে ঢাকার বাইরে থেকে ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপ ঘোষণাও করা হয়। আগ্রহীদের গল্পের ধারণা জমা দিতে হবে এবং মূল্যায়নের ভিত্তিতে ফেলো নির্বাচন করা হবে। নির্বাচিতরা এমআরডিআইয়ের পক্ষ থেকে পরামর্শদাতা সহায়তা পাবেন।
এছাড়া সম্মেলনস্থলে অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার, তথ্য যাচাই ও মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে চারটি সহায়তা ডেস্ক স্থাপন করা হবে।










