শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি বলেছেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এ অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।

তিনি গতকাল দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত জেলার সরকারি অফিসারদের সঙ্গে এক বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখেছি। এতে দেখা যাচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির নানা রকম চেষ্টা করছে। যখন তারা ব্যর্থ হচ্ছে, তখন কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে। আমরা সজাগ আছি। আমাদের দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

এ সময় তিনি শিক্ষকদেরও সজাগ থাকার অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, নৌ-পুলিশ সুপার মো. কারুজ্জামান, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।