মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আরশেদ আলীকে (৬৫) কুপিয়ে খুন করেছে দুই ছেলে ও নাতি। এ ঘটনায় ছোট ছেলে খোরশেদ আলম ও নাতি আহাদকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে বড় ছেলে খবির।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উকিয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি লিখে দেয়াকে কেন্দ্র করে ছেলেদের সঙ্গে আরশেদ আলীর বিরোধ চলছিল। সম্প্রতি মসজিদের নামে ১০ শতাংশ জমি দিলে বিরোধ চরমে পৌঁছায়। এলাকাবাসী সমঝোতার চেষ্টা করলেও ছেলেরা বাবার ওপর ক্ষিপ্ত ছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে বাড়ি থেকে ডেকে পাশের একটি নির্জন স্থানে আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে দুই ছেলে ও ছোট মেয়ের ছেলে। আরশেদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বড় ছেলে খবির পালিয়ে যায়। এ সময় ছোট ছেলে খোরশেদ ও নাতি আহাদকে এলাকাবাসী আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে, বড় ছেলেকে খোঁজা হচ্ছে।










