নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে ও এই প্রক্রিয়ায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সরকার নতুন বাস্তবতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটছে, সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

ঢাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে উপ-প্রেস সচিব বলেন, ঘটনাটির পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে ও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

তিনি আরো জানান, কয়েকদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানেও নির্দেশনা দেয়া হয়েছে, এখন থেকে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি জানান, পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া রয়েছে। ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হবে। সাংবাদিকদের কাজের পরিবেশ নিয়েও সরকার সচেতন জানিয়ে তিনি বলেন, আগের মতো সাংবাদিকদের আর হয়রানির শিকার হতে হবে না। নির্বাচন কাভার করার সময় প্রয়োজনীয় সহযোগিতা থাকবে।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে উপ-প্রেস সচিব বলেন, এই আইনের অধীনে যেসব মামলা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে হ্যাকিং ব্যতীত সব ধারা জামিনযোগ্য করা হয়েছে।

সভায় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।