সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায়
ছাত্রলীগের চার কর্মী নিহত হয়েছেন। তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে
খাদে পড়ে গেলে এ প্রাণহানি ঘটে।
গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত
রাত ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার পানিহারা
হাটির আরছ মিয়ার ছেলে তমাল, একই উপজেলার নিজপাট ইউনিয়নের রণদীপ পালের ছেলে নেহাল, কমলাবাড়ি
এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের ও নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন
সুমন। নিহত চারজনই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান
মো. কামাল আহমদ বলেন, নিহত চারজন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তারা প্রাইভেট কারে
ব্যবসায়িক কাজে তামাবিল স্থল বন্দরে যাচ্ছিলেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. তাজুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে প্রাইভেট
কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মরদেহগুলো সিলেট
এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।










