নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রানা ফকির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের মূলখানা গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। নিহত রানা ফকির ওই গ্রামের ফায়েক ফকিরের ছেলে।
পুলিশ ও গ্রামের লোকজন জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সবর ফকির ও মান্নান শিকদার পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। সবর ফকির পক্ষের নবম শ্রেণির এক ছাত্রকে স্কুলে যাওয়ার পথে মান্নান শিকদার পক্ষের কয়েকজন বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের তর্ক হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন ঢাল-সড়কি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় রানা ফকির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ওই এলাকায় দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ আছে। তার জেরে তুচ্ছ ঘটনায় এ ধরনের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।










