লালমনিরহাটের হাতীবান্ধায় ১২০ বস্তা চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন। এই ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছেন।

গতকাল রবিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে ওই উপজেলার সির্ন্দুনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি গোডাউন থেকে ওই চালগুলো গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে বলে হাতীবান্ধা থানা পুলিশ নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, মধ্যরাতে ওই এলাকায় শাহজাহানের গোডাউনের সামনে একটি ট্রলি এসে দাঁড়ায়। এতে স্থানীয় লোকজনের সন্দেহ দেখা দিলে তারা গোডাউনটি ঘিরে রেখে হাতীবান্ধা ইউএনও সামিউল আমিনকে খবর দেন। খবর পেয়ে ইউএনও সামিউল আমিন পুলিশকে সাথে নিয়ে গোডাউনের তালা খুলে ১২০ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় ট্রলি চালক দুখু মিয়াকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। চালগুলো কিসের তা এখনো জানা যায়নি।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন বলেন, ২৫ কেজি ওজনের ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলির চালককেও আটক করা হয়েছে। চাল গুলো খাদ্যবান্ধব কর্মসূচীর কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চাউলের বস্তার গায়ে পাশের উপজেলা পাটগ্রামের ইনশাল্লাহ চাউল কল লেখা রয়েছে। আবার ওই একই বস্তার গায়ে খাদ্যবান্ধব কর্মসূচির কথাও লেখা রয়েছে। এজন্য বিষয়টি পরিষ্কার করার জন্য তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় একটি জিডি করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলি চালক জানিয়েছেন চালগুলো কালীগঞ্জে নিয়ে যাওয়ার কথা ছিল। 

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, চালগুলো নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তা উদ্ধার করা হয়েছে। চালের প্রকৃত মালিককে শনাক্তের জন্য তদন্ত চলছে। এছাড়া এই ঘটনায় একটি মামলা রুজু করার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।