পাবনায় সমলয় ভিত্তিতে আবাদকৃত ফসল কর্তন ও মাঠ দিবস গতকাল দুপুরে চাটমোহর উপজেলার মথুরাপুর খরবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ব্লক প্রদর্শনীর মাধ্যমে বোরো ধানের সমলয় ভিত্তিতে ১৫০ বিঘা জমিতে এ ধান রোপণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মো. কবীর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং পরিচালক একেএম মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প, খামারবাড়ি, ঢাকার প্রকল্প পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আ. কাদের, আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, পাবনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মো. ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টার প্রমুখ।