যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে অবৈধভাবে ভোট দেয়ার অভিযোগে বাংলাদেশী নাগরিক মোহাম্মদ হাছিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দেশটির মেরিল্যান্ড জেলার অ্যাটর্নি কার্যালয়। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কার্যালয়টি। এতে বলা হয়, ৩৩ বছর বয়সী হাছিবুর যুক্তরাষ্ট্রের নাগরিক না হওয়া সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।

মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ইনচার্জ জিমি পল এ অভিযোগের তথ্য প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ অনুযায়ী, হাছিবুর রহমান জানতেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তা সত্ত্বেও তিনি ওই নির্বাচনে ভোট দেন। নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের জন্যও ভোটগ্রহণ করা হয়।

অভিযোগ প্রমাণিত হলে হাছিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড হতে পারে। তবে অভিযোগপত্র দাখিল হওয়া মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। বিচারিক কার্যক্রমে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ হিসেবে গণ্য করা হবে।

এদিকে তদন্তে সহায়তার জন্য এফবিআইয়ের প্রশংসা করেছেন মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিসের বাল্টিমোর কার্যালয়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মামলাটি পরিচালনা করছেন সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসে।