দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে দুজন, মানিকগঞ্জে একজন ও জয়পুরহাটে একজন নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মানিকগঞ্জ: কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকাল সোয়া ৫টার দিকে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীর তানভীর হোসেন অনিক (২৫) উপজেলার নালী গ্রামের মীর শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলে ঢাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
গোলড়া হাইওয়ে থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদের পুরান বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর এলাকার মো. ফারুকের ছেলে মো. সোহেল রানা (২৬) ও ফটিকছড়ির ভূজপুর থানার কাজিরহাট এলাকার আবদু রহমানের ছেলে আবু বক্কর সিদ্দীক (১৪)।
দোহাজারি হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জয়পুরহাট: জেলার ক্ষেতলালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কামারগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাসির উদ্দিনের (৫৮) বাড়ি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামে।










