এবারের ঈদুল ফিতরে আওয়ামী লীগের অধিকাংশ নেতা, এমপি, মন্ত্রীরা ঢাকার বাইরে নিজ এলাকায় থাকবেন। তবে অনেকে আবার ঢাকায় ঈদ করবেন। এরই একটি অংশ এরই মধ্যে নিজ নিজ এলাকায় পৌঁছেছেন। আবার কেউ কেউ আগামীকাল ঢাকায় ঈদের জামাতে অংশ নিয়ে ও গণভবনে ঈদ আয়োজনে অংশ নিয়ে এলাকায় যাবেন। পরবর্তীতে তারা নিজ এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঈদ উদযাপন করবেন। ঈদ উপলক্ষে তিনি রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এদিন সকাল ১০টায় গণভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বণিক বার্তাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের দিন সকালে গণভবনে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ঢাকায় ঈদ করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ঢাকায় ঈদ করবেন। এদিন বিকেলে তিনি নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীতে যেতে পারেন বলে জানা গেছে।
বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর এবং শেরে বাংলা নগর থানা এলাকার একাংশ) আসনে ঈদ উদযাপন করবেন। এ প্রসঙ্গে বণিক বার্তাকে তিনি বলেন, ‘আমি ঈদে আমার নির্বাচনী এলাকাতেই থাকবো। ঈদের দিন সন্ধ্যায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবো।’
বিভিন্ন সূত্রে জানা গেছে, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান ঢাকার বাইরে নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।
এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সভাপতিমণ্ডলীর সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকায় ঈদ করবেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ঢাকায়, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।
এছাড়া আওয়ামী
লীগের সাংগঠনিক সস্পাদক আহমদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, এসএম কামাল
হোসেন ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে নিজ নিজ এলাকায় যাবেন। অনেকেই এরই মধ্যে নিজ এলাকায়
অবস্থান করছেন।










