ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা প্রাইভেট কারকে দ্রুতগতির কাভার্ড ভ্যান ধাক্কা দিলে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। এ ঘটনায় চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৩ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে মহাসড়কের পুরান বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গজারিয়া থানার ওসি রাজিব খান ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার মহাসড়কের বাউশিয়া এলাকায় হঠাৎই থেমে দাঁড়ায়। ওই সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে খাদে পড়ে যায় প্রাইভেট কারটি।

খবর পেয়ে গজারিয়া থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণাৎ তিনজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রাইভেট কার চালকসহ দুজন আহতকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন তারা।

নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫৫), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং জহিরুলের মামী রাহেলা বেগম (৫০)। আহতরা হয়েছেন নিহত আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা দেয়া হচ্ছে।